আশুগঞ্জে ১৬২ বোতল মদ ও ২০ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলাসবহুল প্রাইভেটকার ও মাইক্রোবাস ভর্তি করে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদ-গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে দু’টি যানবাহন থেকে ১৬২ বোতল বিদেশি মদ ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে সাইফুল সরদার (৩৭) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩৬)।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবরে কাজ করে যাচ্ছিল থানা পুলিশ। এ সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় একটি বিলাসবহুল প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। প্রাইভেটকারটি তল্লাশির সময় এর ভেতরে ২০টি বক্সে ১৬২ বোতল বিদেশি হুইস্কি ও ভটকা মদ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মাদক পাচারকারীকে।
এর কিছুক্ষণ পর একটি মাইক্রোবাস তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা উদ্ধারের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।
নাহিদ আহমেদ আরও জানান, মাদক গুলো উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।







.gif)









