হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যাবে না তেহরান
- আপডেট সময় : ০২:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার আলী নিকজাদ বলেছেন, দেশটির পারমাণবিক জ্বালানি কর্মসূচি কিংবা হরমুজ প্রণালি নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় যাবে না তেহরান। তিনি দাবি করেন, ইরানের এই কঠোর অবস্থানের কারণেই প্রতিপক্ষ আলোচনার টেবিল ছেড়ে সরে গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে জানজান শহরের এঙ্গেলাব স্কয়ারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নিকজাদ জানান, সম্প্রতি ১০ দফা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। এতে প্রতিরোধ ফ্রন্টে যুদ্ধবিরতি, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক সক্ষমতা অক্ষুণ্ন রাখা, মার্কিন ঘাঁটি অপসারণ, ক্ষতিপূরণসহ নানা বিষয় অন্তর্ভুক্ত ছিল।
তিনি বলেন, আলোচনা শুরু হওয়ার পরই প্রতিপক্ষ নতুন নতুন শর্ত আরোপ করতে থাকে। এর মধ্যে ছিল পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখা।
নিকজাদের অভিযোগ, প্রতিপক্ষ জনমত বিভ্রান্ত করতে ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় ইরানের পরিবর্তে ওমানকে বসানোর মতো বিষয়ও সামনে এনেছে। তবে এসব দাবির জবাবে ইরানের আলোচক দল যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে বলে জানান তিনি।
ইরানের উপ-স্পিকার স্পষ্ট করে বলেন, পারমাণবিক জ্বালানি বা হরমুজ প্রণালি নিয়ে কোনো আলোচনায় যাবে না ইরান।
তিনি আরও বলেন, লিবিয়া, ইরাক, আফগানিস্তান ও চিলিসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে। সেই আচরণ আজও বিভিন্ন দেশের সঙ্গে অব্যাহত আছে।
এমটিআই







.gif)











