চিত্রনায়িকা পূজা চেরির বাবা প্রসাদ রায় টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে
- আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান। একই দিন তাকে গ্রেফতার করে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে।
তিনি জানান, ভুক্তভোগী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। বিচারক হাসিব উল্লাহ পিয়াস শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।
এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।
ভুক্তভোগীর দাবী, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।







.gif)












