দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা সম্পন্ন
- আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে চলমান এসএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে ভুল সেট কোডে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
আজ রবিবার (১০ মে) দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আজ ছিল পদার্থবিজ্ঞান পরীক্ষা। বোর্ডের নিয়ম অনুযায়ী, লটারির মাধ্যমে নির্ধারিত সেট কোডে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। সকাল ৯টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম লটারির মাধ্যমে ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেন। এরপর সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সেটের প্রশ্নপত্র সরবরাহ করেন। কিন্তু শহরের ইকবাল হাই স্কুল কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও কেন্দ্রসচিব বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা নেন। পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়ে চলে যান। পড়ে কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এর পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ বিষয়ে বলেন, ঘটনা জানার পর শিক্ষা বোর্ড জরুরি বৈঠক করেছে। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব সেলিমা সুলতানা এবং ট্যাগ অফিসার, দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।







.gif)















