নীলফামারীতে “বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল” মেগা প্রকল্প পরিদর্শনে চীনা প্রতিনিধি দল
- আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে বাস্তবায়নাধীন ১ হাজার শয্যা বিশিষ্ট “বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল” মেগা প্রকল্পের প্রাথমিক সমীক্ষা শুরু করেছে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলের নেতা ডং লি’র নেতৃত্বে ছয় সদস্যের একটি কারিগরি দল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল এলাকায় পৌঁছে প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জমির কারিগরি ও প্রাথমিক সমীক্ষা পরিচালনা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বাস্তবায়িতব্য এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে প্রায় ২ হাজার ২১৯ কোটি টাকা প্রদান করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা বলেন, প্রস্তাবিত জায়গার ওপর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। এছাড়াও প্রকল্পের আওতায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমেটরি, আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলোসহ প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। আনা হবে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি। ১০০০ শয্যার এই হাসপাতালের মধ্যে ৫০০টি সাধারণ বেড এবং বাকি ৫০০টি বিশেষায়িত চিকিৎসা সেবার জন্য বরাদ্দ থাকবে।
এসময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সাধারণ চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি ও নিউরোলজির মতো জটিল ও বিশেষায়িত বিভাগে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ (ICU), সিসিইউ (CCU) ও এইচডিইউ (HDU) সুবিধাসহ উন্নত ডায়াগনস্টিক সেন্টার এবং আধুনিক অপারেশন থিয়েটার নির্মাণ করা হবে। উত্তরবঙ্গের মানুষের জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা শতভাগ নিশ্চিত হবে এর মাধ্যমে।
এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।







.gif)
















